পার্বত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়ন চায় সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘সরকার দ্রুত সময়ের মধ্যে পার্বত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই ১৯৯৭ সালে স্বাক্ষরিত এই চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি কার্যকর করতে চাইছেন।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি : প্রেক্ষাপট ও বাস্তবায়ন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে গওহর রিজভী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘চুক্তিটির পূর্ণ বাস্তবায়নে এখনো অনেক কিছু করা বাকি। কিছু বিষয় দ্রুত এগিয়ে গেছে এবং আরো এগিয়ে যাবে। এ বিষয়ে কারো সন্দেহ থাকা উচিত নয়।’
গওহর রিজভী আরো বলেন, ‘ভূমিবিরোধ সমস্যাই এ চুক্তির মূল জটিলতা। তবে জমি বিরোধের সমস্যা সমাধানে সরকারের মধ্যে কোনো দ্বিধা নেই। সমস্যাগুলো দ্রুত সমাধানে এরই মধ্যে আইন সংশোধন করা হয়েছে।’
কাজটি বাস্তবায়নে যত তাড়াতাড়ি সম্ভব সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘পার্বত্য শান্তিচুক্তি যত তাড়াতাড়ি সম্পূর্ণ বাস্তবায়ন করা যায়, আমাদের ও দেশের পক্ষে সেটি ততই ভালো হবে।’
অনুষ্ঠানে পার্বত্য তিন জেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অওয়ামী লীগ নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক