বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়ন্ত্রণ কক্ষ
সারা দেশে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে পানিসম্পদ মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের মোবাইল ফোন নম্বর- ০১৩১৮২৩৪৫৬০।
আজ মঙ্গলবার পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে সিলেটে সুরমা-কুশিয়ারাসহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। পানিতে ডুবে গেছে কয়েকটি জেলার নিম্নাঞ্চলের জনপদ ও রাস্তাঘাট। লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ও কানাইঘাটে ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা, লোভা ও সারি নদীর পানিও বিপৎসীমা ছুঁইছুঁই। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট সদর, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা।
বন্যায় গোয়াইনঘাট উপজেলার অর্ধেক জনপদ তলিয়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় গোয়াইনঘাটের সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উপজেলায় বন্যাকবলিত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে গতকাল ৩৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক