বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বিজয় র্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিশাল বিজয় র্যালি বের করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালিটি বের করা হয়। র্যালিতে হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগানে উত্তাল গোটা এলাকা। র্যালিটি নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল-কাকরাইল মোড় হয়ে মালিবাগের দিকে যায়।
এর আগে নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিজয় র্যালির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র্যালিতে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।
বিএনপির এ বিজয় র্যালিকে কেন্দ্র করে দুপুর ১২টার পর থেকে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা নয়াপল্টন অভিমুখে অগ্রসর হতে শুরু করেন। বিজয় দিবসের ব্যানারের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পোস্টার শোভা পাচ্ছে র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে।
বিজয় শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান তোলেন ‘এক দফা এক দাবি খালেদা জিয়ার মুক্তি’, ‘মহান নেতা তারেক রহমান, আসছেন আসছেন’, ‘জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব’, ‘স্বৈরাচারের পতন চাই, পতন চাই’, ‘খালেদা জিয়া জেলে কেন, মানি না মানব না’, ‘জিয়া জিয়া, জিয়া জিয়া’, ‘শেখ হাসিনা ক্ষমতা ছাড়ো, হুঁশিয়ার সাবধান’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘খালেদা-তারেকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’।

নিজস্ব সংবাদদাতা