বেসিক ব্যাংক কেলেঙ্কারি, নিয়োগ অনিয়মের তদন্ত চেয়ে রিট
বেসিক ব্যাংকের এক হাজার ১৭৩ জনের নিয়োগে অনিয়মের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী টাইটাস হিল্লোল রেমা রিট আবেদনটি দায়ের করেন।
আগামীকাল সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ওই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
রিটে নিয়োগের অনিয়ম নিয়ে কন্ট্রোলার অডিটর জেনারেলের রিপোর্ট তলবের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসাথে অনিয়মের ঘটনায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের তৎকালীন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে তলবের নির্দেশনা ও চাওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কন্ট্রোলার অডিটর জেনারেলসহ সাতজনকে এ রিটে বিবাদী করা হয়েছে।
গত ২৯ নভেম্বর বেসিক ব্যাংকের নিয়োগে অনিয়ম নিয়ে জাতীয় একটি দৈনিক প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি নিয়ে এ রিট করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেসিক ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স, লিখিত-মৌখিক পরীক্ষা, নিয়োগ সংক্রান্ত বিধি-বিধান- কোনো কিছুই মানা হয়নি। রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকে স্থান হয়নি যোগ্য-মেধাবীদের। দুর্নীতি-অনিয়ম করে খেয়াল খুশিমতো নিয়োগ দেওয়া হয়েছে, যা অকল্পনীয়।
ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার, নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি করে শেখ আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় এক হাজার ১৭৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, যার প্রমাণ উঠে এসেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) নিরীক্ষা প্রতিবেদনে। সেখানে এই নিয়োগ-দুর্নীতির ঘটনাকে 'নজিরবিহীন' বলে উল্লেখ করা হয়েছে। বেতন-ভাতার নামে বাড়তি অর্থ আত্মসাতের প্রমাণাদিও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

নিজস্ব প্রতিবেদক