ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
নয়াদিল্লিতে চলমান রেইজিনা সংলাপে আগত বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে গতকাল বুধবার সন্ধ্যায় সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। ভারত সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের আমন্ত্রণ পান। আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. হাছান মাহমুদের সঙ্গে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান এবং বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশের যে অভূতপূর্ব অগ্রগতি তিনি লক্ষ করছেন, তা আক্ষরিক অর্থেই বিস্ময়কর।
এদিন দুপুরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক এবং এর আগে মঙ্গলবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে সারা ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চার ঘণ্টা সম্প্রচার উদ্বোধন ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।
বৃহস্পতিবার হায়দরাবাদে রামুজি ফিল্ম সিটি পরিদর্শন শেষে কাল শুক্রবার তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক