ভুল ভাঙল শুভেচ্ছা জানানোর পর!
পারুল হুসনা (ছদ্মনাম) তাঁর প্রেমিক আল নজিব শিমুলকে (ছদ্মনাম) ফোনে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা জানালেন, ‘পহেলা ফাল্গুন।’ বিনিময়ে ভালোবাসা মেলল ডালপালা। রাতেই সিদ্ধান্ত হয়, সাত সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেরিয়ে পড়ার।
সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ৮টার সময় পারুল আর শিমুলের দেখা হয় শাহবাগ মোড়ে। পারুল সেজেছেন বাসন্তি রঙে। চুলের ভাঁজে ভাঁজে বেলিফুলের মালা আর গোলাপ ফুল। শিমুলও সেজেছেন হলুদ রঙের পাঞ্জাবিতে।
শাহবাগ মোড়ের ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে পারুল আর শিমুল এক ফ্রেমে বন্দি হলেন। ওখানে দাঁড়িয়েই পারুল তাঁর ফেসবুকের সময়ক্রমে দুজনের ছবিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে শুভেচ্ছা জানালেন পহেলা ফাল্গুনের।
শুভেচ্ছা জানানোর পরই বাধল বিপত্তি! এক ফেসবুক বন্ধু পারুল-শিমুলের ছবিতে মন্তব্য করে বললেন, ‘আজ নয়, আগামীকাল শুক্রবার বসন্ত শুরু।’ তখনই ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নিলেন পারুল। ততক্ষণে খোঁজ নিয়ে তাঁরা সত্যটা জেনে গেছেন। এরপর তাঁদের মন কিঞ্চিত খারাপ হলেও দিনভর তারা এক সঙ্গেই ঘুরেছেন। শাহবাগ মোড় থেকে হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে দুজন পৌঁছালেন রমনার বটমূলে।
পারুল হুসনার সঙ্গে কথা হয় এনটিভি অনলাইনের। পারুল বলেন, ‘আমি আর শিমুল জানতাম আজই পহেলা ফাল্গুন। পরিকল্পনা অনুযায়ী আমরা সেজেগুজে বাইরে বের হলাম। পরে ফেসবুকে দুজনের একটি ছবি দেওয়ার পর একজনের কমেন্ট দেখে জানতে পারলাম এখনো মাঘ মাস শেষ হয়নি! মনে করেন, একদিন আগেই পহেলা ফাল্গুনকে স্বাগত জানালাম।’
শুধু হুসনা নয়, এমন বাসন্তি সাজে সেজেছিল আরো অনেকেই। রমনার বটমূল, টিএসসি, ধানমণ্ডি লেক কিংবা হাতিরঝিলে এমন অনেককে দেখা গেছে যারা বসন্তে পালনে ব্যস্ত। তরুণ-তরুণীরা ফাল্গুনের রং হিসেবে বেছে নিয়েছে হালকা হলুদ, কমলা, সবুজ ও লাল ইত্যাদি রং। তবে অধিকাংশ বসন্ত উদযাপনকারীই জানত না আজ পহেলা ফাল্গুন নয়।
এদের ভেতরে হাতিরঝিলে ঘুরতে গিয়েছিলেন সৌরভ আকবর আর মিথিলা চৌধুরী। সৌরভ আকবর বলেন, ‘ঢাকায় এসে গত কয়েক বছর মূলত পহেলা ফাল্গুন পালন করি। সব সময় দেখেছি ১৩ ফেব্রুয়ারি দিবসটি পালন করা হয়। সেই অনুযায়ী আমরা ভেবেছি আজ পহেলা ফাল্গুন।’
ইব্রাহিম নামের আরেকজন বলেন, ‘১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন আর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হবে এমনটাই জানতাম। একই দিনে দুটি দিবস-এটা হয় নাকি?’
ফুল ফুটুক আর নাই ফুটুক, যুগে যুগে বসন্ত এসেছে শীতের শেষে নতুনের বার্তা নিয়ে। ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন; এত দিন এমনটাই জেনে এসেছে সবাই। কিন্তু বাংলা বর্ষপঞ্জির পাতায় আজও মাঘ মাস। সংশোধিত বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন ১৩ নয়, ১৪ ফেব্রুয়ারিতে। নতুন ফাল্গুনের এই খবর জানে না অনেকেই।

মাসুদ রায়হান পলাশ