ভোটার উপস্থিতি কম ছিল : উত্তরের রিটার্নিং কর্মকর্তা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেছেন, ‘সকাল থেকে আমি বেশ কয়েকটি কেন্দ্র দেখেছি। সব কেন্দ্রে দুই দলেরই এজেন্ট পেয়েছি। ভোটার উপস্থিতি কম ছিল, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি।’ আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।
উত্তরের বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আওয়ালের অভিযোগ সম্পর্কে আবুল কাসেম বলেন, ‘তারা ঢালাওভাবে অভিযোগ করেছে, কোনো স্পেসিফিক অভিযোগ করেনি। নির্দিষ্ট অভিযোগ না দেওয়ার ফলে ব্যবস্থা নিতে অসুবিধা হচ্ছে।’
কিছু কেন্দ্রে ধানের শীষের প্রতীক নেই—বিএনপির এমন অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘প্রতীক নেই, এটি সম্পূর্ণ ভুল তথ্য। কোন কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে, সুনির্দিষ্টভাবে তাঁরা বলতে পারেননি। বলতে পারলে ব্যবস্থা নেওয়া হবে।’
কেন্দ্রে সংঘাত প্রসঙ্গে আবুল কাসেম বলেন, ‘মেয়র প্রার্থীদের নিয়ে কোথাও কোনো ঝামেলা হয়নি। কয়েকটি কেন্দ্রে কাউন্সিলরদের নিয়ে ঝামেলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি মোকাবিলা করতে বলা হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক