মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
কক্সবাজারের মহেশখালী উপজেলায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল আবেদীন প্রকাশ (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কালামারছড়া ইউনিয়নের নোনাছড়িতে এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, জয়নাল তালিকাভুক্ত ডাকাত।
র্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলামের ভাষ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কালামারছড়া ইউনিয়নের পূর্ব নোনাছড়ি এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
ওই কর্মকর্তার দাবি, একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে তালিকাভুক্ত ডাকাত জয়নাল আবেদীন প্রকাশ নিহত হন। এ সময় একই এলাকার সন্ত্রাসী শাহজাহান (৩৩) ও আবছারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি তাঁর।

অনলাইন ডেস্ক