মোখা সতর্কতায় মহেশখালীর ২ এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ
ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রামের মহেশখালীর দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার (১২ মে) রাত থেকে এই এলএনজি টার্মিনাল দুটিকে বন্ধ রাখা হয়। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে গভীর সমুদ্রে সরিয়ে নেওয়ায় টার্মিনাল দুটি দ্রুত পুনস্থাপন বা পুনসংযোগ দিয়ে গ্যাস সরবরাহ করা হবে। আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, মেগনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ বা আংশিক চালু থাকতে পারে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রাকৃতিক এই দুর্যোগের জন্য দুঃখপ্রকাশ করে বলেন, ‘অতিদ্রুত গ্যাস, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।’ একইসঙ্গে তিনি বৈদ্যুতিক ছেঁড়া তার স্পর্শ না করে কাছাকাছি বিদ্যুৎ অফিসে যোগাযোগের জন্য গ্রাহকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন।
এদিকে, শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘনঘন লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা। অভিযোগ জানিয়ে অনেকে সামাজিক মাধ্যমে পোস্টও দিচ্ছেন।
আবহাওয়া অধিদপ্তরের ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোখা। এ ছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে অতিপ্রবল ঘূর্ণিঝড়টি।

নিজস্ব প্রতিবেদক