যৌতুকের অভিযোগে চট্টগ্রামের ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা
যৌতুকের দাবির অভিযোগ এনে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেলের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী ফারজানা খানম রিনি।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে ফারজানা খানম রিনি বাদী হয়ে মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী কাওয়ার আহম্মেদ সাংবাদিকদের বলেন, বাদী ফারজানা খানম রিনি তাঁর স্বামী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান রুবেলের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে আসামিকে আগামী ২৯ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন এবং আজই সমন জারির নির্দেশনা দিয়েছেন।
আইনজীবী আরো বলেন, আগামী ২৯ জানুয়ারি আসামি মাসুদুর রহমান রুবেলকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। আর যদি হাজির না হন এবং মামলার সমন আসামির ঠিকানায় জারি হয় তাহলে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন।
বাদী জবানবন্দি দিয়ে আদালতে বলেন, ‘আসামি মাসুদুর রহমান গত ২৯ নভেম্বর তাঁর কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করলে অন্যত্র বিয়ে করার হুমকি দেন। তাঁর স্বামী তাঁকে ঘরে তুলে নেবেন না বলে জানান। আমি এর বিচার চাই।’
মামলার আরজি থেকে জানা যায়, বাদী ও আসামির মধ্যে দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের পরিণতি হিসেবে তাদের বিয়ে হয়। তাঁরা পরিবারকে না জানিয়ে গত ২০ সেপ্টেম্বর বিয়ে করেন। আসামি বাদীকে বিয়ের কথা গোপন রাখতে বলেন এবং পরে পারিবারিকভাবে সবার সম্মতিক্রমে সামাজিক মর্যাদা দিয়ে বাদীকে ঘরে তুলবেন বলে জানান। দাম্পত্য জীবনে বাদী আসামির আসল রূপ বুঝতে পারেন। এক মাস ধরে আসামির সরকারি চাকরি ও সামাজিক মর্যাদা অনুসারে আসামি বাদীর বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ নগদ ৫০ লাখ টাকা, একটি ফ্ল্যাট, একটি নতুন প্রাইভেটকার ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার এনে দিতে বলেন। এর জন্য বাদীকে চাপ প্রয়োগ ও মানসিক নির্যাতন করতে থাকেন। বাদীর পরিবারের যৌতুক দেওয়ার ক্ষমতা নেই জানিয়ে দিলে আসামি বাদীকে নিয়ে সংসার করবে না বলে জানান। মোটা অংকের টাকা নিয়ে অন্যত্র বিয়ে করারও হুমকি দেন আসামি।
বাদী আসামির বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

আদালত প্রতিবেদক