রাজাকারের তালিকা স্থগিত, ওয়েবসাইট থেকে প্রত্যাহার
রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম আসায় দেশব্যাপী আলোচনা-সমালোচনার মুখে ওই তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এরই মধ্যে সেই তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সদ্য প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিত করা হয়েছে। ওয়েবসাইট থেকেও সেটি সরিয়ে নেওয়া হয়েছে।’
এর আগে সন্ধ্যায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর রহমানও বিষয়টি নিশ্চিত করেন।
এরপর রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞিপ্তিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, ‘স্বাধীনতার সপক্ষের শক্তির মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়’ সেজন্য এই তালিকা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে মন্ত্রী আরো বলেন, ‘ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এ তালিকা যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশনা দিয়েছেন। কী প্রক্রিয়ায় দ্রুততম সময়ে দেশব্যাপী যাচাই-বাছাই সম্পন্ন করে প্রকৃত তালিকা প্রকাশ করা যায়, সে ব্যাপারে বিভিন্ন মহলের সাথে আলোচনা প্রয়োজন।’
‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এ তালিকা প্রকাশের প্রচেষ্টা থাকবে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানিয়েছেন’, যোগ করা হয় মন্ত্রণালয়ের বিবৃতিতে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে গত রোববার ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। যেখানে অনেক গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার নাম আসায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক