রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি গুলিতে একজন নিহত, দুজন গুলিবিদ্ধ
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদলের আকস্মিক হামলা ও এলোপাতাড়ি গুলিবর্ষণে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এক কিশোরসহ দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা হচ্ছে এইচ ব্লকের ৬২৭ নম্বর শেডের ৮ নম্বর কক্ষের বাসিন্দা মো. রশিদ ওরফে ফয়সাল (১৩) ও ৬৭৭ নম্বর শেডের ১ নম্বর কক্ষের বাসিন্দা শামসুল আমিন (৩২)।
গোলাগুলি থেমে যাওয়ার পর রোহিঙ্গা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে মৃত অবস্থায় এবং মো. রশিদ ও শামসুল আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখান থেকে তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে ক্যাম্পের বাসিন্দদের ধারণা, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য। নিজেদের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন।
টেকনাফ মডেল থানার পরিদর্শক রাকিবুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার