সচিবালয়ের চারপাশকে নীরব এলাকা ঘোষণা
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬-এর বাস্তবায়নের কার্যক্রম অনুযায়ী রাজধানীর জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিঙ্ক রোডকে গাড়ির হর্নমুক্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এর অমান্য হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের ১ নম্বর গেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
মন্ত্রী বলেন, কাল থেকে মোবাইল কোর্ট এই কার্যক্রম পর্যবেক্ষণ করবে। আইন অমান্যকারীদের বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান আছে। এই কার্যক্রম পর্যায়ক্রমে রাজধানীর সব জায়গায় কার্যকর হবে বলেও জানান তিনি।
এ সময় সচিবালয়ের সামনে থেকে বের হওয়া একটি র্যালি জিরো পয়েন্ট ঘুরে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, ‘কাল থেকে মোবাইল কোর্ট শুরু হবে। সচিবালয়ের চতুর্পাশে এখন থেকে এটা কার্যকর করার পরে এটার পরিধি ব্যাপক আকারে বৃদ্ধি করব। আইনে বলা আছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এক মাসের জেল আছে, পাঁচ হাজার টাকা জরিমানা হবে প্রাথমিক পর্যায়ে। পরে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের জেল হবে।’

নিজস্ব প্রতিবেদক