সাংবাদিক পেটালে গ্রেপ্তার হয় না কেন, তাবিথের প্রশ্ন
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘পুলিশ পেটালে গ্রেপ্তার হয়, কিন্তু সাংবাদিক পেটালে কিছু হয় না। পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সাংবাদিকদের মারার অপরাধে কাউকে গ্রেপ্তার করা হয়নি। কেন? একটি সভ্য দেশে এটা হতে পারে না।’
আজ বুধবার রাজধানীর গুলশানের ইমানুয়েলস হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল এ কথা বলেন।
তাবিথ আউয়াল বলেন, নির্বাচনের দিন কেবল বিএনপির নেতাকর্মী বা সমর্থকরা হামলার শিকার হননি। ওই দিন নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত বেশ কয়েকজন সাংবাদিক আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে মার খেয়েছেন।
বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘আমরা দেখছি, পুলিশের গায়ে হাত তোলার অপরাধে আওয়ামী লীগ সমর্থিত একজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন। কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তোলার অপরাধে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।’
পাওয়ার পয়েন্টের মাধ্যমে সাংবাদিকদের সামনে ভোটের দিন নানা অনিয়ম ও কারচুপি তুলে ধরেন তাবিথ। এ ছাড়া ভোটকেন্দ্রে ভুয়া পুলিশ কর্মকর্তা ছিলেন বলেও দাবি করেন তিনি।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিচালনায় সংবাদ সম্মেলন মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

নিজস্ব সংবাদদাতা