সিরাজগঞ্জে দুই চিকিৎসকসহ আরো ৫ জন করোনায় আক্রান্ত
সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় দুই চিকিৎসকসহ আরো পাঁচজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক, পৌর এলাকার গোশালা ও দত্তবাড়ী মহল্লায় দুজন এবং বেলকুচি উপজেলার এক বাসিন্দা রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৪ জনের করোনা শনাক্ত হলো। জেলার সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অফিসার হুমায়ুন কবির আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে করোনা শনাক্ত হওয়ার পরই বেলকুচি উপজেলায় সাতটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে এবং জেলায় আক্রান্তদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে পুলিশ। এ ছাড়া করোনায় আক্রান্ত দুই চিকিৎসককে ঢাকায় ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা ও দত্তবাড়ী মহল্লায় দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি জানার পর দুটি বাড়িসহ আশপাশের বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে। এ ছাড়া বাড়িগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে। লোকজনকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ