৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু রয়েছে। আজ শুক্রবার ভোর ৫টা থেকে শুরু হয় নৌ চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, গতকাল সন্ধ্যা থেকেই পদ্মায় কুয়াশা পড়তে থাকে। রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে তিন শতাধিক যানবাহন। ফেরি চলাচল শুরু হলে যানবাহনের শ্রমিক ও সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ