বরগুনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বরগুনা সদর উপজেলায় গতকাল রাতে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
বরগুনা সদর উপজেলায় এক হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেটসহ সুমন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
সুমন ওই গ্রামের প্রয়াত ছগির রহমান হাওলাদারের ছেলে। তাঁকে গ্রেপ্তারের সময় তিনটি দেশি অস্ত্রও জব্দ করা হয়।
বরগুনা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) জাফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে এক হাজার ৪০০টি ইয়াবা ও তিনটি রামদা উদ্ধার করা হয়।
এসআই আরো জানান, সুমন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।


সোহেল হাফিজ, বরগুনা