ফুলতলার ভাইস চেয়ারম্যানসহ ৩ জামায়াত নেতা আটক
খুলনার ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ টি এম গাউসুল আজম হাদি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দসসহ তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে ফুলতলা উপজেলার দামোদর গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক অন্যজন হলেন ফুলতলা সদর ইউনিয়নের সেক্রেটারি আবদুস সাত্তার।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সী জানান, তিন জামায়াত নেতা ফুলতলা উপজেলার দামোদর গ্রামের একটি বাড়িতে নাশকতার জন্য গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে রাত ৯টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে বেশ কিছু ‘জিহাদি’ বই এবং সংগঠনের কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আটক অধ্যাপক মিয়া গোলাম কুদ্দস জামায়াতের কেন্দ্রীয় নেতা খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারের ছোট ভাই।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা