ঘুষ লেনদেন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা কারাগারে
দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ আদেশ দেন। এর আগে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ফজলুল বারী।
আজ সোমবার সকালে রাজধানীর মিরপুর থেকে তিনজনকে আটক করা হয়। তিনজন হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম তাওহিদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন।
তিন কর্মকর্তাকে আটকের বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধভাবে পদোন্নতি দেওয়ার অভিযোগ আছে।
প্রণব কুমার ভট্টাচার্য আরো জানান, অবৈধভাবে গণনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের মোট এক কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।

আদালত প্রতিবেদক