জেল ও কোর্টের মধ্যে ভিডিও কনফারেন্স হবে
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন আহমেদ বলেছেন, জঙ্গি ও দুর্ধর্ষ সন্ত্রাসীদের বিচারিক কার্যক্রম এখন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পাদন হবে। এসংক্রান্ত একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে কারা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে কারাপ্রধান এ তথ্য জানান।
ইফতেখার উদ্দিন জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পাদনের প্রস্তাবটি কার্যকর হলে বন্দি নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
এক প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক জানান, কারাগার থেকে বন্দিরা যাতে তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারে এ-সংক্রান্ত আরো একটি প্রস্তাব মন্ত্রণালয়ের সিদ্ধান্তে অপেক্ষায় আছে। তিনি জানান, কারাগারকে সংশোধনাগারে পরিণত করতে প্রতি বছর কারা সপ্তাহ পালন করে কারা অধিদপ্তর।
আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ দেশের ৬৮টি কারাগারে কারা সপ্তাহ পালন করা হবে।

নিজস্ব প্রতিবেদক