বাংলাদেশ ব্যাংকে আগুনে শুধু একটি কম্পিউটার পুড়েছে!
বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ডে শুধু একটি কম্পিউটার পুড়েছে। অন্য তেমন কিছু পুড়ে যায়নি। এমনকি কক্ষের চেয়ারে থাকা তোয়ালেও অক্ষত রয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান সমরেন্দ্রনাথ বিশ্বাস এসব কথা জানিয়েছেন। বৈদ্যুতিক চায়ের কেটলিতে শটসার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।
আজ শনিবার দ্বিতীয়বারের মতো ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) সমরেন্দ্রনাথ বিশ্বাস।
সমরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘চায়ের কেটলি থেকে শটসার্কিট হয়ে এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। একটি কম্পিউটার ছাড়া তেমন কিছু পোড়েনি। এমনকি কক্ষের চেয়ারে থাকা তোয়ালেও অক্ষত রয়েছে। কক্ষটিতে ধোঁয়া আটকে যাওয়ায় হঠাৎ করে অনেক ধোঁয়া হয়েছিল।’ নির্ধারিত পাঁচদিনের আগেই প্রতিবেদন জমা দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অপর দিকে এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল গতকাল শুক্রবার জানান, শটসার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে। তবে আগুনে কী ক্ষতি হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
গত ২৩ মার্চ রাতে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনা তদন্তের জন্য ওই দিন রাতেই দুটি কমিটি গঠন করা হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
ফায়ার সার্ভিসের কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে এবং বাংলাদেশ ব্যাংকের কমিটিকে ২৮ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

নিজস্ব প্রতিবেদক