নাশকতার মামলায় দুদু-রিজভীর জামিন নাকচ
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা পৃথক মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আবেদন নাকচ করেন।
দুদু ও রিজভীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও জয়নাল আবেদীন মেজবাহ।
আইনজীবীরা বলেন, ‘নাশকতার সময় আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
অবরোধ ও হরতাল চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দুদুর বিরুদ্ধে মিরপুর থানা এবং রিজভীর বিরুদ্ধে পল্লবী ও মিরপুর থানায় করা দুই মামলায় এ জামিন আবেদন করা হয়।
রাজধানীর বারিধারা আবাসিক এলাকা থেকে গত ৩০ জানুয়ারি রিজভীকে গ্রেপ্তার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র্যাব)। ১১ জানুয়ারি দুদুকে মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা বর্তমানে কাশিমপুর কারাগারে আটক আছেন।

নিজস্ব সংবাদদাতা