সত্যিকারের নায়ক শেখ মুজিব : নাসিম
স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের সত্যিকারের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ তাঁকে আড়াল করে খলনায়কদের নায়ক বানানো হচ্ছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ গণগ্রন্থাগারে গণআজাদী লীগ আয়োজিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি এস কে সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ খান।
অনুষ্ঠানে সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, তরীকত ফেডারেশনসহ ১৪ দলের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে জঙ্গিবাদের নামে মানুষ হত্যা করা হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে এসব ষড়যন্ত্রকারীকে জবাব দেওয়া হবে।
নাসিম আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা মুক্তিযোদ্ধা তথা এ দেশের মানুষকে প্রেরণা জুগিয়েছে। সুতরাং তাদের সম্মান জানানো মানেই হলো মুক্তিযুদ্ধকে সম্মান জানানো।
এর আগে সংগঠনের পক্ষ থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, কবি ও লেখকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক