জঙ্গি অভিযান লাইভ নয় : পুলিশ
দেশের যেকোনো স্থানে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের সরাসরি সম্প্রচার, ছবি বা ভিডিও ফুটেজ অথবা স্ক্রল প্রচার করা থেকে বিরত থাকতে পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে অভিযান চলাকালে অপারেশনস্থলের আশপাশের এলাকায় মিডিয়াকর্মীদের ভিড় না করারও অনুরোধ করা হয়েছে।
আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় অভিযান সংক্রান্ত কার্যক্রমের ভিডিও ফুটেজ বা ছবি সরাসরি সম্প্রচার করা হয়।
এতে পুলিশের অপারেশনাল কার্যক্রম দারুণভাবে ব্যাহত হয়। এ ছাড়া এ ধরনের সম্প্রচারের ফলে জনমনে ভীতি সঞ্চার এবং নিরাপত্তাহীনতাবোধ তৈরি হতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জঙ্গি অভিযান চলাকালে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সময়ে সময়ে ঘটনাস্থলে মিডিয়া ব্রিফিং করবেন। জঙ্গি অভিযান সংক্রান্ত সংবাদ প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট থেকে তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশি কার্যক্রমে গণমাধ্যমের অব্যাহত সহযোগিতা ও সমর্থন পেয়ে আসছে উল্লেখ করে পুলিশ সদর দপ্তর জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গণমাধ্যমের সহায়তা ও সমর্থন অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে আশা করা হয়।

বাসস