যেখানেই হোক গভীর সমুদ্রবন্দর হবে : বাণিজ্যমন্ত্রী
সোনাদিয়া বা মাতারবাড়ী যেখানেই হোক গভীর সমুদ্রবন্দর চট্টগ্রামে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠার ১৩০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পোর্ট এক্সপোর সমাপনী দিনে মন্ত্রী একথা বলেন।
তোফায়েল বলেন, বন্দরের দক্ষতা বাড়াতে হলে বন্দর ২৪ ঘণ্টা সচল রাখতে হবে। এ জন্য তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহযোগিতা কামনা করেন।
সমাপনী অনুষ্ঠানে সংসদ সদস্য ড. আবদুর রাজ্জাক, এম এ লতিফ, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বক্তব্য রাখেন।
এই এক্সপোর মাধ্যমে এক ছাদের নিচে তুলে ধরা হয় বন্দরের সাফল্যগাঁথা আর সক্ষমতার চিত্র। দুদিনের এই এক্সপোতে বাংলাদেশের সকল বন্দর, বন্দর ব্যবহারকারী সংস্থাসহ ১২৮টি স্টল অংশ নেয়। প্রথমবারের মতো এই এক্সপোর আয়োজন করে বন্দর কর্তৃপক্ষ। পরে এক্সপোতে অংশ নেওয়া ছয়টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

শামসুল হক হায়দরী, চট্টগ্রাম