চাঁদা না পেয়ে সাভারে দোকান ভাঙচুর
চাঁদা না পেয়ে ঢাকার সাভারের একটি ইলেকট্রনিকস ও স্টিল ফার্নিচারের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের পিটুনিতে দুজন আহত হয়েছে।
আজ শুক্রবার সাভারের আড়াপাড়া এলাকায় মমতাজ ইলেকট্রনিকস ও স্টিল ফার্নিচারের দোকানে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সন্ত্রাসীদের হামলায় আহত ব্যবসায়ী মাহাতাব আলম জানান, ঈদকে সামনে রেখে আড়াপাড়া এলাকার সন্ত্রাসী বাবু ও শুভ কয়েক দিন ধরে তাঁর কাছে মুঠোফোনে দুই লাখ টাকা চাঁদা চেয়ে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজ তাঁর ইলেকট্রনিকস ও স্টিল ফার্নিচারের দোকানে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। এ সময় দোকানে রাখা দুই লাখ টাকা ও মালামাল লুটপাট করে তাঁকেসহ দুজনকে পিটিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। এ খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে।

জাহিদুর রহমান