মতিঝিলে ফটো এজেন্সির কার্যালয়ে চুরি
রাজধানীর মতিঝিল কালভার্ট রোড রহমানিয়া কমপ্লেক্সে নিউজ রুম ফটো এজেন্সির কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এ সময় র্দুবৃত্তরা নিউজ রুম ফটো কার্যালয় থেকে একটি ল্যাপটপ, দুটি ল্যান্সসহ একটি নিকন ডি২এক্সএস ক্যামেরা নিয়ে যায়। এগুলোর আনুমানিক মূল্য চার লাখ টাকা বলে জানিয়েছেন নিউজ রুম ফটোর সম্পাদক আতাউর রহমান বাবু।
আতাউর রহমান জানান, ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম আজ রোববার সকালে যথারীতি কার্যালয়ের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পান যে লকারের ড্রয়ারের কিছু অংশ খোলা। সামনে গিয়ে দেখতে পান ড্রয়ারের লক ভাঙা এবং ভেতরে থাকা ল্যাপটপ ও ক্যামেরা নেই। সাথে সাথে তিনি বিষয়টি মুঠোফোনের মাধ্যমে জানান।
এ ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাহিদুল ইসলাম। জিডি নম্বর ১৬৮০।
এ ব্যাপারে মতিঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদে বলেন, চুরির বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক