মিল্কি হত্যা : অধিকতর তদন্ত প্রতিবেদন ১৮ আগস্ট
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ আগস্ট দিন রেখেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন এ দিন ধার্য করেন।
এর আগে গতকাল রোববার এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু গতকাল সিআইডি পুলিশ এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় সংশ্লিষ্ট আদালতের বিচারক আজ নতুন করে প্রতিবেদনের জন্য তারিখ ধার্য করেন।
গত বছরের ১৫ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সহকারী পরিচালক (এএসপি) কাজেমুর রশিদ ১১ জনের নাম উল্লেখ করে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে আসামি করা হয়েছিল সাখাওয়াত হোসেন চঞ্চল, ফাহিমা ইসলাম লোপা, মো. জাহাঙ্গীর মণ্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম ওরফে হাবিব, মো. সোহেল মামুন, চুন্নু মিয়া, আরিফ, ইব্রাহীম খলিল, রফিকুল ইসলাম এবং শরীফুদ্দিন চৌধুরীকে।
পরে গত বছরের ৯ জুন নিহত মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান মিল্কি এ অভিযোগপত্রে প্রকৃত আসামিদের নাম আসে নাই মর্মে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানি শেষে মামলাটি অধিকতর তদন্তের জন্য একই বছরের ১৭ জুন আবেদন মঞ্জুর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেন।
২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামের একটি বিপণি বিতানের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়।
হত্যার পর মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান মিল্কি বাদী হয়ে গুলশান থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় এজাহার নামীয় ১১ জন এবং অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নিজস্ব সংবাদদাতা