সিংড়ায় অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
নাটোরের সিংড়া উপজেলায় চাঁদাবাজি ও অপহরণ মামলার পলাতক আসামি মজিবর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ঠেঙ্গাপাকুরিয়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে মজিবরকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বিয়াস গ্রামের বাসিন্দা।
সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান বলেন, মজিবুরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অপহরণসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এসআই বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রাত ৮টার দিকে মজিবরকে ঠেঙ্গাপাকুরিয়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে একটি বিদেশি শাটারগান পাওয়া গেছে। এই ঘটনায় থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

হালিম খান, নাটোর