এবার ভূমিমন্ত্রীর জামাতার বিরুদ্ধে মাছ লুটের মামলা
এবার ভূমিমন্ত্রীর জামাতা পাবনার ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর বিরুদ্ধে মাছ ও মাছের খাবার, সারসহ ৩৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের আরো ১৭ নেতার নাম উল্লেখসহ মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।
আজ শনিবার পাবনার ঈশ্বরদী থানায় মামলা করেন উপজেলা পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন বিশ্বাস, পৌর যুবলীগের সাবেক সভাপতি সানোয়ার হাসেন লাবু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম রকি, ওয়ার্ড যুবলীগের সভাপতি রবি মোল্লা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৪ জুন দিবাগত রাত ৩টার দিকে ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র আবুল কালাম আজাদ মিন্টুসহ আসামিরা আগ্নেয়াস্ত্র নিয়ে লুট করতে যান। তাঁরা ঈশ্বরদী শহরের বিলপাড়া এলাকায় পুকুরের পাহারাদারের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ ও মাছের খামারের ঘর থেকে ৩৩৫ বস্তা মাছের খাবার, খৈল, সারসহ সব মালামাল লুট করে নিয়ে যান। এসব মালামালের দাম প্রায় ১৫ লাখ টাকা।
এ বিষয়ে মামলার বাদী আলাউদ্দিন বিপ্লব জানান, প্রায় ২০ বিঘা জমির ওপর ১০টি পুকুর ভাড়া নিয়ে তিনি মাছের চাষ করছিলেন। ওই জমি রেলওয়ের থেকে ইজারা নিয়েছেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু। ওই পুকুরে তিনি পাঁচ-ছয় মাস আগে প্রচুর পরিমাণে মাছ ছাড়েন। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে পৌর মেয়র মিন্টুর নেতৃত্বে অন্যরা অস্ত্রের মুখে নৈশপ্রহরীকে জিম্মি করে পুকুরে জাল নামায়। এ সময় তারা আনুমানিক ২০ লাখ টাকার মাছ ও ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ বলেন, ‘মাছ লুটের ঘটনা ও মামলায় আসামি করার বিষয়ে কিছু জানি না। ঘটনার সময় আমি সেখানে উপস্থিতও ছিলাম না। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে সামাজিকভাবে হয়রানি করতে এ মামলা সাজানো হয়েছে।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, ঘটনার ১৬ দিন পর থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
গত ১৮ মে ঈশ্বরদীতে প্রকাশ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগে ভূমিমন্ত্রীর ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালসহ ১২ ছাত্রলীগ-যুবলীগ নেতার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করা হয়। ওই মামলায় মন্ত্রীর ছেলে ২৪ দিন কারাগারে ছিলেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা