অল্পের জন্য বেঁচে গেলেন খালেদা জিয়ার উপদেষ্টা
অল্পের জন্য পরিবারসহ প্রাণে বেঁচে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আজ রোববার বিকেলে প্রাইভেট কার নিয়ে ঢাকায় যাওয়ার পথে নাটোরের গুরুদাসপুরে তাঁদের বহনকারী প্রাইভেটকারকে ধাক্কা দেয় একটি ট্রাক।
এতে হাবিবুর রহমান, তাঁর স্ত্রী, দুই মেয়ে ও গাড়ির চালক আহত হন। তাঁদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ঢাকায় পাঠানো হয়। তাঁদের অবস্থামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, আজ বিকেলে পাবনার ঈশ্বরদী থেকে পরিবারের সদস্যদের নিয়ে হাবিবুর রহমান প্রাইভেট কারে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে গুরুদাসপুরের কাছিকাটায় একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে কারটি উল্টে গিয়ে পাঁচজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত অন্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানের স্ত্রী নাজমা হক, মেয়ে অন্তরা ও বাবলী এবং গাড়ির চালক নিশান।

হালিম খান, নাটোর