লুট হওয়া চামড়া নাটোরে উদ্ধার, আটক ২
গাজীপুর থেকে লুট হওয়া এক হাজার ৩৬৯টি চামড়াসহ একটি ট্রাক নাটোর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, আজ শনিবার সকালে টাঙ্গাইল থেকে এক হাজার ৩৬৯টি চামড়া নিয়ে একটি ট্রাক ঢাকায় যাওয়ার সময় গাজীপুরের কোনাবাড়ি থেকে লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চামড়ার মালিক নূর উদ্দিন লালবাগ থানায় মামলা করেন। এ ছাড়া নাটোর চামড়া মার্কেটের ব্যবসায়ীদের বিষয়টি অবহিত করেন।
এসআই আরো জানান, আজ বিকেলে চামড়াভর্তি ট্রাক নিয়ে মেহেদী হাসান ও ডালিম নামের দুই তরুণ নাটোরের রুহুল আমিনের আড়তে বিক্রি করতে আসেন। বিষয়টি সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের দুজনকে আটক ও চামড়াগুলো উদ্ধার করে।

হালিম খান, নাটোর