ঢাকার আশপাশে পানি বাড়ছে
ঢাকা ও আশপাশের নদীগুলোর পানি প্রতিনিয়ত বাড়ছে। আজ শুক্রবার সকাল থেকে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তা আরো বাড়তে পারে। আজ পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এ ছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং খুলনা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।
বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, শুক্রবার দেশের নদ-নদীর ৩৯টি স্থানে পানি বৃদ্ধি এবং ৪০টি স্থানে পানি হ্রাস পেয়েছে।
ব্রহ্মপুত্র-যমুনা, সুরমা-কুশিয়ারা ও গঙ্গা নদীর পানি হ্রাস পাচ্ছে। অপরদিকে পদ্মা ও ঢাকার আশপাশের নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
তবে ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীসমূহের পনি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত হ্রাস পেতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৩৯টি স্থানে পানি বৃদ্ধি এবং ৪০টি স্থানে পানি হ্রাস পেয়েছে। দুটি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং তিনটি স্থানের তথ্য পাওয়া যায়নি। কোথাও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

অনলাইন ডেস্ক