ছাত্রলীগের নেতা হতে ছাত্রত্বের প্রমাণ দিতে হবে
বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলনের পদপ্রত্যাশীদের ছাত্রত্ব প্রমাণ করেই মনোনয়ন ফরম জমা দিতে হবে। এ জন্য এসএসসিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়মিত ছাত্রত্বের প্রত্যয়নপত্রসহ সদ্য তোলা তিন কপি ছবি মনোনয়ন ফরমের সঙ্গে জমা দিতে হবে।
আজ শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ লিখিত বক্তব্যে এ নির্দেশের কথা জানান। এবারের সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে হবে বলেও তিনি জানিয়েছেন।
লিখিত বক্তব্যে সোহাগ বলেন, ১২ জুলাই রোববার থেকে ১৫ জুলাই বুধবার বিকেল ৪টা পর্যন্ত ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম চলবে। এ ক্ষেত্রে প্রতিটি ফরমের জন্য জনতা ব্যাংকের রমনা শাখায় বাংলাদেশ ছাত্রলীগের সঞ্চয়ী হিসাব নম্বর : ৩৪০৭৯৪১৯ তে তিন হাজার টাকা জমা দিয়ে ব্যাংক পে অর্ডারের মাধ্যমে অথবা কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনারের কাছে সরাসরি টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করা যাবে।
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হবে জানিয়ে সভাপতি বলেন, ‘এ উপলক্ষে প্রতিটি জেলা থেকে গঠনতন্ত্র অনুসারে ২৫ জন কাউন্সিলরের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছি। আগামী ১৩ জুলাইয়ের মধ্যে সব শাখার তালিকা আমাদের হাতে এসে পৌঁছানোর নির্দেশ দিয়েছি।’
এবার ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন কেন্দ্রীয় সহসভাপতি সুমন কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, দপ্তর সম্পাদক শেখ রাসেল, পরিবেশবিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা