রাজধানীতে বাসচাপায় যুবক নিহত
রাজধানীতে বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। শেওড়াপাড়ায় আজ শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম (২৮) পশ্চিম শেওড়াপাড়ার ইকবাল রোড এলাকার বাসিন্দা। তিনি আজ সকালে টাঙ্গাইল থেকে রাজধানীতে আসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সেলিম বাসের জন্য শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। হঠাৎ সকাল পৌনে ৮টার দিকে নিউমার্কেটগামী সেফটি পরিবহন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অনলাইন ডেস্ক