দ্বিতীয় অধিবেশনের ভোট গণনা চলছে
বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আজ রোববার বেলা সাড়ে ১১টায় কাউন্সিলররা স্বচ্ছ ব্যালট বাক্সে তাঁদের ভোট দেওয়া শুরু করেন।
ছাত্রলীগের তিন হাজার ১৩৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন দুই হাজার ৮১৯ জন। সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সুমন কুণ্ডু এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেল।
এর আগে সকাল ১০টা থেকেই দ্বিতীয় অধিবেশন শুরু হয়। শুরুতে সংগঠনের বর্তমান সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন।
সভাপতি পদে ৬৪ জন প্রার্থীর মধ্যে ৫৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৪২ জনের মধ্যে ১২৪ জন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর ফলে সভাপতির পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগের ১১১টি ইউনিটের প্রায় তিন হাজার কাউন্সিলর পরবর্তী দুই বছরের জন্য তাঁদের নেতা নির্বাচন করবেন।

অনলাইন ডেস্ক