মিয়ানমারকে চাপ দিন, ভারতকে বাংলাদেশ
রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিষয়টি সমাধান করতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে।
আজ রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বিকেলে রাজধানীর একটি হোটেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় ওই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টার দিকে দুই পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ‘ ভারত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখবে তার আশ্বাস পেয়ে আমরা খুশি। রোহিঙ্গাদের মানবিক সাহায্য প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ।’
মাহমুদ আলী বলেন, ‘রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরাসহ বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে মিয়ানমারকে চাপ দেওয়ার অনুরোধ করেছি।’
দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ রোববার দুপুর ১টা ৪১ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে অবতরণ করে তাঁকে বহনকারী বিশেষ বিমানটি।
এ ছাড়া আজ সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সুষমার বৈঠক করার কথা আছে। পরে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন।
এর আগে গত ৩ অক্টোবর তিনদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ভারতের অর্থ ও করপোরেট অ্যাফেয়ার্স বিষয়কমন্ত্রী অরুণ জেটলি।
গত ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। প্রতিদিন নতুন করে বাংলাদেশ সীমান্তে এসে ভিড় করছে রোহিঙ্গা সদস্যরা। গত সাত সপ্তাহে এ নিয়ে এক মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে ‘জাতিগত নিধনের’ উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ।
রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশ বাংলাদেশের পাশে থাকার কথা ব্যক্ত করেছে। এমনকি জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। তবে চীন, রাশিয়া, ভারত মিয়ানমারকে সমর্থন জানিয়েছে। ‘জাতিসংঘ নিধন’ বা লাখ লাখ রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করার ঘটনায় এই তিন দেশ নিন্দা পর্যন্ত জানায়নি।

নিজস্ব প্রতিবেদক