ঢাকায় ফিরছেন খালেদা জিয়া
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে খালেদা জিয়ার গাড়িবহর ঢাকার উদ্দেশে আসতে শুরু করে।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে যায় খালেদা জিয়ার গাড়িবহর। সেখানে আজ দুপুরে নেতাকর্মীদের অভিনন্দন গ্রহণ করেন খালেদা জিয়া। এ সময় সার্কিট হাউসের নিচে বিপুলসংখ্যক নেতাকর্মীকে জড়ো হতে দেখা যায়।
এর আগে গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণসহায়তা দেওয়ার জন্য ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা হন বিএনপি চেয়ারপারসন।
পথে ফেনী ও চট্টগ্রামে মিরসরাইয়ে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।
হামলার জন্য যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেছে বিএনপি। আওয়ামী লীগের পক্ষ থেকেও বিএনপিকে দায়ী করা হয়েছে।
খালেদা জিয়া চট্টগ্রামের সার্কিট হাউসে রাত্রিযাপন করে গত রোববার দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান। সেখানেই খালেদা জিয়া রাত যাপন করেন। এরপর গতকাল বালুখালী-২ ক্যাম্পে যান বিএনপির চেয়ারপারসন।
রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়ার পক্ষ থেকে ত্রাণভর্তি ৩৬টি ট্রাক সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আর বাকি নয় ট্রাক ত্রাণের মধ্যে বিএনপি চেয়ারপারসন পালংখালী ইউনিয়নের ময়নারসেনা শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে কিছু বিতরণ করেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম