তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা
ফাইল ছবি
রাজধানীর বাড্ডায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামার বাবা বাদী হয়ে বাড্ডা থানায় এ মামলা করেন।
আজ রোববার সকালে বাড্ডা থানার পুলিশ সদস্য ফজলু মামলা দায়েরের বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে বাড্ডার আদর্শনগরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতার ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে নিহত হন এইচএএফ হাসপাতালের জেনারেল ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসু মোল্লা। ওই ঘটনায় গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের নেতা মাহবুবুর রহমান গামা পরদিন শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

নিজস্ব প্রতিবেদক