৩০ মিনিটের আতঙ্ক!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সৈয়দপুরের উদ্দেশে বিমানটি আকাশে উড়ে। সৈয়দপুরে পৌঁছলেও ৩০ মিনিট ধরে আকাশ থেকে মাটিতে নামতে পারেনি বিমানটি। আর এ ৩০ মিনিটে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যাত্রীদের মধ্যে।
‘বার বার নামার চেষ্টা করার পরও তা সম্ভব হচ্ছিল না। যাত্রীরা ছিল বেশ উদ্বিগ্ন। যাত্রীদের অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। একজন নারী তো নার্ভাস হয়ে অসুস্থ হয়ে পড়েন।’ বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার ওই ফ্লাইটে ৪৭ জন যাত্রীর একজন ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। তিনিই বিমানের ভেতরের কথা জানাচ্ছিলেন। সৈয়দপুরে নামতে না পেরে ঢাকায় আবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফেরত আসে ওই ফ্লাইট।
ফজলে রাব্বি মিয়া বলেন, ‘সৈয়দপুরের আকাশ সীমানায় পৌছার ২০ কিলোমিটার আগেই পাইলট আবহাওয়ার অবস্থা ভালো না বলছিলেন। এরপর প্রায় ৩০ মিনিট চেষ্টা করার পরও ল্যান্ড করতে না পেরে ঢাকার উদ্দেশে ফেরত আসে আমাদের বিমানটি। তবে এ ক্ষেত্রে পাইলট যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন।’
এ ব্যাপারে ডেপুটি স্পিকারের একান্ত সহকারী (এপিএস) মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৬টা ৪৫ মিনিটে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি আকাশে উড়ে সকাল ৭টা ৪৮ মিনিটে। এরপর তা ৯টা ৪৫ মিনিটে আবার ঢাকায় ফেরত আসে।’ সময়সূচি অনুযায়ী সকাল পৌনে ৭টায় ছেড়ে ফ্লাইটটির সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল সকাল ৭টা ৫০ মিনিটে।
গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর ওপর বড়দহ সেতু উদ্বোধনস্থল থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিতে বিমানে সৈয়দপুর যাচ্ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। কিন্তু পৌঁছাতে না পারায় পরে ঢাকায় ফিরে গণভবন থেকে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন ফজলে রাব্বি মিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয় জেলায় নয়টি সেতুর উদ্বোধন করেন।
ইউএস বাংলার গণমাধ্যম শাখার কর্মকর্তা শেখ সাদী শিশির বলেন, ‘খারাপ আবাহাওয়ার কারণে টাওয়ার ক্লিয়ারেন্স না পাওয়ার ফলে ভোরে সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়া ফ্লাইটি ফেরত আসে এবং এর যাত্রা বাতিল করা হয়।’
সাদী জানান, ‘ইউএস বাংলার পক্ষ থেকে বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদের টিকেট মূল্য ফেরত দেয় এবং কেউ চাইলে প্রয়োজনে অন্য কোনো দিনের টিকেট বদল করে নিতে পারেন।’

নিজস্ব সংবাদদাতা