বিএনপির ২৩ জনের বিরুদ্ধে পরোয়ানা
রাজধানীর মতিঝিল থানায় করা নাশকতার এক মামলায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এঁদের মধ্যে আদালতে হাজির না থানায় ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মো. আমিনুল হকের আদালতে এ-সংক্রান্ত আদেশ দেওয়া হয়। মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।
অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে আলাল, খোকন, ইকবাল, মো. আজাদ, আসাদ আল আহসাদ, তামিম ও আনোয়ার উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বাকি ২৩ জন আদালতে হাজির ছিলেন না। তাঁরা হলেন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, মাহবুব হাসান, ওহিদুল হাসান, কবিরুল ইসলাম, আতিকুর রহমান, সফিকুল ইসলাম, রবিউল ইসলাম, সাদেকুল ইসলাম, আল মামুন, জুয়েল রানা, মো. মিজান, হাবিবুর রহমান হাবিব, আবদুল কাদের ভূঁইয়া, অ্যাডভোকেট এম এ জলিল, রফিক, আনিসুর রহমান, মিজানুর রহমান, দীন ইসলাম, হুমায়ুন কবির, সাদ্দাম হোসেন, আজাদ আল হাসান, দেলোয়ার হোসেন মিন্টু ও সদর আলী।
২০১১ সালের ১৮ ডিসেম্বর বিএনপি-জামায়াতের আন্দোলন চলার সময় সকাল সোয়া ১০টায় মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে বাসে ভাঙচুর ও নাশকতা চালানোর অভিযোগে মামলা করে মতিঝিল থানার পুলিশ।
২০১৩ সালের ৬ জানুয়ারি মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান ৩০ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নিজস্ব সংবাদদাতা