কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
কুমিল্লার মুরাদনগরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত আল-আমিন একটি ডাকাত দলের সদস্য।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যেরা হলেন,উপপরিদর্শক আবদুল গোফরান, কন্সটেবল আবু বকর ও মো. শামীম। তাঁদেরকে মুরাদনগর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দুইটি রামদা, দুইটি ছুরি ও পাঁচটি মুখোশ উদ্ধার করে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, গোয়েন্দা পুলিশ ও মুরাদনগর থানা পুলিশ গতরাতে অভিযানে বের হয়। পুলিশের দলটি রাত ৩টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ-বাখরাবাদ সড়কের শুষন্ডা এলাকায় পৌঁছলে একটি ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়।
আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। এতে ডাকাত দলের সদস্য আল-আমিন গুলিবিদ্ধ হন। তাঁকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা