রোববার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী
দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার সকালে ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা দেবেন তিনি। খুলনায় পৌঁছে শিপইয়ার্ডে দুটি যুদ্ধ জাহাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল জানান, সফরের শুরুতে হেলিকপ্টারযোগে মংলায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বেলা ১১টার দিকে মংলা হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি। এরপর সেখানকার দ্বিগরাজ নৌঘাঁটিতে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নৌবাহিনীর জন্য নির্মিত নতুন তিনটি জাহাজ বানৌজা খান জাহান আলী, বানৌজা সন্দ্বীপ ও বানৌজা হাতিয়া’র কমিশনিং করবেন। এ ছাড়া নব নির্মিত এলসিটি-১০৩ ও এলসিটি ১০৫ সংযুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
দুপুর পৌনে ১টা নাগাদ মংলা থেকে খুলনা নৌবাহিনীর তিতুমীর ঘাঁটিতে অবতরণ করবেন শেখ হাসিনা। সেখান থেকে খুলনা শিপইয়ার্ডে যাবেন তিনি। সেখানে দুটি যুদ্ধ জাহাজের নির্মাণকাজ উদ্বোধন করে আগত সুধী ও অতিথিদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে বলে জানান জেলা প্রশাসক।
এর আগে ২০১৩ সালে ২৪ জানুয়ারি সবশেষ খুলনা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নৌবাহিনীর তিতুমীর ঘাঁটি থেকে খুলনা শিপইয়ার্ড পর্যন্ত এলাকা বর্ণিলভাবে সাজানো হয়েছে। অসংখ্য তোরণ-ব্যানারে ছেয়ে গেছে খুলনা নগরী। সেইসাথে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা