ভাড়া বাড়ল বাস মিনিবাস অটোরিকশার
সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ও জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাড়ল পরিবহনের ভাড়া। ভাড়া বর্ধিতকরণ কমিটির সুপারিশের পর আজ বৃহস্পতিবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের এ ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম ও ঢাকার আশপাশের গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানো হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে বর্ধিত এ ভাড়া কার্যকর করা হবে।’
তবে দূরপাল্লার বাসের ভাড়া অপরিবর্তিত থাকবে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, মিনিবাস ও বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ছে ১০ পয়সা। এর মধ্যে মিনিবাসের ভাড়া এক টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৬০ পয়সা, বাসের ভাড়া এক টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৭০ পয়সা করা হয়েছে। তবে মিনিবাসের সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা ও বাসের সাত টাকা ভাড়া অপরিবর্তিত রয়েছে। তিনি আরো জানান, আগামী ১ নভেম্বর থেকে সিএনজি অটোরিকশার জন্য জমা দিতে হবে ৯০০ টাকা। আগে প্রথম দুই কিলোমিটারের জন্য ২৫ টাকা দিতে হতো, ভাড়া পুনর্নির্ধারণে তা বেড়ে ৪০ টাকায় দাঁড়িয়েছে। এ ছাড়া সিএসজি অটোরিকশায় আগে যেখানে পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য সাত টাকা ৬৪ পয়সা ব্যয় করতে হতো, এখন সেখানে যাত্রীদের গুনতে হবে ১২ টাকা। ওয়েটিং চার্য এক টাকা ৪০ পয়সা বাড়িয়ে দুই টাকা করা হয়েছে।
ভাড়া বাড়ার কারণে যাত্রীরা যাতে কোনো ধরনের হেনস্তার শিকার না হয় সে বিষয়টি মন্ত্রণালয় থেকে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান মন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক