নাশকতার ১৪ মামলায় আমান উল্লাহ আমানের জামিন
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে নাশকতার ১৪টি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ জামিনের মেয়াদ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
পৃথক দুটি বেঞ্চে আমানের জামিন আবেদনের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সাতটি মামলা ও বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাতটি মামলায় আমানের জামিনের আদেশ দেন।
আদালতে আমানের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।
এ বিষয়ে আমান উল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ ১৪টি মামলায় জামিন পাওয়ার মধ্য দিয়ে ৬৯টি মামলার মধ্যে ৪০টিতে জামিন পেলেন আমান উল্লাহ আমান।
চলতি বছরের জানুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মাদপুর, পল্টন ও মতিঝিল থানায় পুলিশ বাদী হয়ে মোট ৬৯টি মামলা দায়ের করে। তিনি বলেন, যেসব মামলায় আমান উল্লাহ আমানকে আসামি করা হয়েছে সেগুলোতে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি অসুস্থ, তাঁকে রাজনৈতিকভাবে এসব মামলায় আসামি করা হয়েছে মর্মে আদালতে যুক্তি তুলে ধরা হলে তা বিবেচনায় নিয়ে আদালত তাঁকে জামিন দেন। আমান বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)