রপ্তানির পথে পোশাক ছিনতাই
নারায়ণগঞ্জ থেকে রপ্তানির জন্য পাঠানো তৈরি পোশাক চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে কন্টেনারসহ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী থেকে এসব তৈরি পোশাক ছিনিয়ে নেওয়া হয়।
এ পোশাকগুলো নারায়ণগঞ্জের বিসিক এলাকায় করোনি গ্রুপের। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসলাম সানী জানান, বুধবার রাতে ইউরোপে রপ্তানির জন্য কারখানা থেকে দুই কন্টেনারে ৬৪ হাজার পিস টি-শার্ট পাঠানো হয়।এসব পোশাকের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে ফেনীর ছাগলনাইয়া এলাকায় চালক বাহাদুর ও তাঁর সহযোগীকে পিটিয়ে সংজ্ঞাহীন করে রাস্তায় ফেলে রেখে পোশাক ভর্তি কন্টেনার নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে স্থানীয় লোকজন আহত চালক ও তাঁর সহকারীকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ