ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৩ বিএনপি নেতা আটক
সিরাজগঞ্জ পৌরসভার প্রধান সড়কে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগে বিএনপি ও যুবদলের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মেনহাজ উদ্দিন মোল্লা এবং সিরাজগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা জয়নাল আবেদীন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের এস এস রোডের ব্যবসায়ী ওমর আলীর ছেলে মুসা শেখকে বাড়ির মধ্যে ঢুকে সন্ত্রাসীরা কুপিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় ব্যবসায়ীর ভাই আকবর আলী তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা করেছেন। মামলায় এজাহারভুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

অসীম মন্ডল, সিরাজগঞ্জ