বরফ খাওয়া নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বরফ খাওয়া নিয়ে দ্বন্দ্বে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে ওই কৃষকের গ্রামের লোকজন পাশের গ্রামে হামলা চালিয়ে ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আশরাফ আলী প্রামাণিক (৫০) শাহজাদপুর উপজেলার ঘোড়শাল গ্রামের মৃত জেলাত আলী প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বরফ খাওয়া নিয়ে ঘোড়শাল গ্রামের এক কৃষকের সঙ্গে এনায়েতপুর থানাধীন কামালপুর গ্রামের এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। এ নিয়ে আজ রোববার সকালে উভয় গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনা মীমাংসার জন্য রোববার বিকেলে এলাকায় সালিস বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ১২টার দিকে আশরাফ আলী কামালপুর গ্রাম হয়ে নিজ বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। হত্যার ঘবর ছড়িয়ে পড়লে ঘোড়শাল গ্রামের লোকজন লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কামালপুর গ্রামে হামলা চালায়। এ সময় কামালপুর গ্রামের অন্তত ২৫ জন আহত হয়। হামলাকারীরা ১০টি বাড়িতে ভাঙচুর করে ও লুটপাট চালায়। এ ছাড়া তারা একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শাহজাদপুর ও এনায়েতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ থামাতে এনায়েতপুর থানার এসআই আবু সাইদসহ পাঁচজন পুলিশ আহত হয়েছে। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অসীম মন্ডল, সিরাজগঞ্জ