বছরে প্রায় ৫৫ কোটি টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ
ঢাকা-নারায়ণগঞ্জ বাস রুটে মাইলের দূরত্ব বেশি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মালিকপক্ষ অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ করা হয়েছে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামে একটি সংগঠনের দাবি, প্রতিবছর বাসমালিকরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত প্রায় পৌনে ৫৫ কোটি টাকা আদায় করে থাকেন।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি। এ সময় বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি জানানো হয়। ভাড়া না কমানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন ঢাকা-নারায়ণগঞ্জ বাস রুটে চলাচলকারী আনন্দ বাস সার্ভিস পরিবহনের সভাপতি মোক্তার হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারিভাবে নির্ধারিত দূরত্ব অনুযায়ী জনপ্রতি ভাড়া হচ্ছে ২৯ টাকা ৮০ পয়সা। কিন্তু সেখানে পরিবহন মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি আদায় করছেন ৩৮ টাকা করে। যাত্রীপ্রতি বেশি আদায় করা হচ্ছে আট টাকা ২০ পয়সা। সেই হিসাবে যাত্রীপ্রতি বছরে বেশি নেওয়া হচ্ছে তিন হাজার ৯০০ টাকা। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন পাঁচ শতাধিক গণপরিবহন চলাচল করে। সেই হিসাবে বছরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা হচ্ছে ৫৪ কোটি ৭৫ লাখ টাকা।’
আমরা ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটি ঢাকার জিরো পয়েন্ট থেকে নারায়ণগঞ্জের ১ নম্বর রেলগেট পর্যন্ত দূরত্ব মেপে পাই ১৭ কিলোমিটার। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ পরিবহন মালিকদের নিয়ে দূরত্ব নিরূপণ করে ১৯ দশমিক ৭০ কিলোমিটার দেখান।
এখানে যে রুটের দূরত্ব তাঁরা দেখান, সেই রুট দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জের বাস কখনো চলাচল করে না। আবার ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসার দূরত্ব নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার দূরত্বের চেয়েও এক কিলোমিটার কম রয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
নতুন করে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা। এ ব্যাপারে জেলা প্রশাসককে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল প্রমুখ।

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ