রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে পরিবেশের ক্ষতি হবে না : পঙ্কজ শরন
সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের রামপালে নির্মাণ হতে যাওয়া বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পংকজ শরন বলেছেন, ‘এই বিদ্যুৎকেন্দ্রটি পরিবেশবান্ধব ও টেকসই। এতে পরিবেশের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।’ বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ হতে যাচ্ছে।
আজ রোববার সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান ভারতীয় রাষ্ট্রদূত। রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে বাংলাদেশ লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশকে প্রয়োজনমতো বিদ্যুৎ দিতে আমাদের কেন্দ্রীয় সরকার সম্মত। আরো দু-তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হবে। আজ আমরা দ্বিপক্ষীয় বৈঠক করেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা জাপানকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করব।’
ভারতে প্রতিবাদের বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশে স্থানান্তর করা হয়েছে কি না জানতে চাইলে পঙ্কজ শরন বলেন, ‘এটি বাংলাদেশে নির্মাণ করাটাই টেকসই।’
এদিকে, বাংলাদেশে প্রয়োজনমতো বিদ্যুৎ দিতে ভারত প্রস্তুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জাতীয় গ্রিডে ভারতের দেওয়া ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ এরই মধ্যে যুক্ত হয়েছে। ডিসেম্বর নাগাদ আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালন লাইন উন্নত করার কাজ চলছে। এটি শেষ হয়ে গেলে আরো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে।’

নিজস্ব প্রতিবেদক